নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৪
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া এলাকায় একটি চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। আজ বুধবার (৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে হাজি ইসারত আলী চালকলে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল খালেক সদর উপজেলার হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালেও চালকলের চাতালে শ্রমিকরা ধান সিদ্ধের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ বয়লারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা নিরাপদ স্থানে সরে যান।
কিছুক্ষণ পর ধোঁয়া কমে গেলে শ্রমিকরা ঘটনাস্থলে ফিরে এসে আব্দুল খালেককে চাতালের ওপর পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত চার শ্রমিককে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নারী শ্রমিক হামিদা বেগম জানান, “হঠাৎ করেই বিকট শব্দ হলো। এরপর ধোঁয়ায় চারপাশ কিছুই দেখা যাচ্ছিল না। পরে ফিরে এসে দেখি খালেক ভাই পড়ে আছেন। একটু আগেও একসঙ্গে কাজ করেছি, কিন্তু কিছুক্ষণ পরই তিনি আর নেই।”
তিনি আরও বলেন, “জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়। চাতালগুলোতে শ্রমিকদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমরা নিরাপদ পরিবেশে কাজ করতে চাই।”
এদিকে দুর্ঘটনার পর চালকলের মালিক পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, বয়লার বিস্ফোরণের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।