পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৫ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল অফিসারের বিরুদ্ধে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলমের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রেফতারি পরোয়ানাভুক্ত মাদক মামলার আসামি আব্দুল মজিদকে গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. ফাহমিদা ফাইজার সঙ্গে আসামির চিকিৎসা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের কথাকাটাকাটি হয় বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশের অভিযোগ, এ সময় এসআই বজলুর রহমান, এএসআই বেলাল ও এএসআই অখিলসহ তিন পুলিশ সদস্যের সঙ্গে চিকিৎসক অসৌজন্যমূলক আচরণ করেন এবং আসামির চিকিৎসা দিতে অনীহা প্রকাশ করেন। পরে বিষয়টি জানতে পেরে ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম হাসপাতালে গেলে তার সঙ্গেও অসদাচরণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে আসামিকে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় চিকিৎসকের আচরণ নিয়ে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।”

তবে অভিযোগের বিষয়ে মেডিকেল অফিসার ডা. ফাহমিদা ফাইজার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এছাড়া তিনি হাসপাতালের কোয়ার্টারে না থেকে জেলা সদরে অবস্থান করেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে, ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com