সারদা সুন্দরী মহিলা কলেজের হোস্টেলে পরপর দুই দিন চুরির অভিযোগ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম

মামুন মিঞা, ফরিদপুর জেলা প্রতিনিধি 

ফরিদপুরের ঐতিহ্যবাহী সারদা সুন্দরী মহিলা কলেজের শিউলি হোস্টেলে পরপর দুই রাতে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ রাতে হোস্টেলের পেছনের বাগান দিয়ে প্রবেশ করে বিদ্যুৎ সংযোগের তার কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে কিছু সময়ের জন্য পুরো হোস্টেল বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এ ঘটনায় আবাসিক ছাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

হোস্টেল সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে কয়েকজন ব্যক্তি শিউলি হোস্টেলের পেছনের বাগান দিয়ে কলেজের ভেতরে প্রবেশ করে। তাদের মধ্যে দুজন হোস্টেলের দিকে এগিয়ে যায় এবং অন্যরা বাগানের ভেতরে অবস্থান করছিল বলে দাবি করা হয়েছে। একপর্যায়ে তারা হোস্টেলের মূল বিদ্যুৎ সংযোগের তার কেটে নিয়ে যায়। এতে হোস্টেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পুরো ভবন অন্ধকার হয়ে পড়ে।

প্রথমে বিষয়টিকে লোডশেডিং বলে মনে করেন আবাসিক ছাত্রীরা। পরে তিনতলার এক ছাত্রী সন্দেহবশত জানালা দিয়ে বাইরে তাকিয়ে নিচে কয়েকজনকে দেখতে পান বলে জানান। এরপর তিনি চিৎকার করলে হোস্টেলের নিরাপত্তাকর্মীরা সতর্ক হন এবং আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। তবে এর আগেই ওই ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যায় বলে হোস্টেল সূত্রে জানা গেছে।

আবাসিক ছাত্রীদের দাবি, এর আগের রাতেও একই ধরনের অনুপ্রবেশ ও চুরির ঘটনা ঘটেছে। পরপর দুই রাতে এমন ঘটনা ঘটায় হোস্টেলের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে হোস্টেলের পেছনের বাগানের সীমানা ও নিরাপত্তাব্যবস্থা তুলনামূলক দুর্বল হওয়ায় সেখান দিয়ে বহিরাগতদের প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে বলে অভিযোগ তাদের।

ছাত্রীদের আরও অভিযোগ, পরপর দুই দিন এমন ঘটনা ঘটলেও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত পুলিশকে অবহিত করা হয়নি। নিরাপত্তা জোরদারেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন।

আবাসিক ছাত্রীদের আশঙ্কা, রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হোস্টেল অন্ধকার করে দেওয়ার ঘটনা শুধু চুরির মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। এতে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

তাদের দাবি, ঘটনাগুলোর বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে হোস্টেলসহ পুরো কলেজ এলাকায় নৈশপ্রহরীর সংখ্যা বাড়ানো, সীমানা নিরাপত্তা জোরদার এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com