গঙ্গাচড়ায় ২য় উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পিএম
রফিকুল ইসলাম সাবুল :(রংপুর) প্রতিনিধি:
‘স্কাউটিং শেখায়—শৃঙ্খলা, দেশপ্রেম, মানবতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় পাঁচ দিনব্যাপী ২য় উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬ শেষ হয়েছে।
গতকাল বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ স্কাউটস, গঙ্গাচড়া উপজেলার আয়োজনে ৪ অক্টোবর শুরু হওয়া এ ক্যাম্পুরীতে উপজেলার ২৮টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট, ইউনিট লিডার, ক্যাম্প কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকসহ মোট ২৭৫ জন অংশ নেন।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ক্যাম্পুরীটি আজ ৮ অক্টোবর শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মোছা. জেসমিন আক্তার। তিনি বলেন, স্কাউটিং শিশুদের শুধু শৃঙ্খলাবোধ শেখায় না, তাদের দেশপ্রেমিক, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে তুলতে ভূমিকা রাখে। ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে নেতৃত্ব, সহযোগিতা, সততা ও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করা প্রয়োজন।
জেসমিন আক্তার আরও বলেন, স্কাউটিংয়ের শিক্ষা ও মূল্যবোধ শিশুদের ভবিষ্যৎ ব্যক্তিজীবন ও দেশ গঠনে কাজে লাগবে। ক্যাম্পুরীতে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য তিনি কাব স্কাউটদের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছবুর, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ সরকার, সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী এবং উপজেলা জামায়াতের মিডিয়া সেল প্রধান আশরাফুল আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্কাউটসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিয়ার মো. জাকিউল আলম স্বপন। স্বাগত বক্তব্য দেন উপজেলা স্কাউটসের কমিশনার শফিকুল ইসলাম চাঁন। এ ছাড়া বক্তব্য দেন গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা ও গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহমেদ লাল।
আয়োজকেরা জানান, কাব স্কাউটদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, মানবিকতা, নেতৃত্বের গুণাবলি ও দায়িত্ববোধ গড়ে তুলতে ক্যাম্পুরীতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
স্কাউটিংয়ের মাধ্যমে শিশুদের সুশৃঙ্খল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।