নেত্রকোনায় সড়কে ইট-সুরকি রেখে ভোগান্তি, ৫ জনকে জরিমানা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৫ এএম

রিপন কান্তি গুণ, নেত্রকোনা;

নেত্রকোনার বারহাট্টায় সড়কের ওপর ইট-সুরকিসহ নির্মাণসামগ্রী ও বিভিন্ন মালপত্র রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে পাঁচজনকে জরিমানা করা হয়েছে।

উপজেলার গোবিন্দপুর বাজারে রবিবার এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বারহাট্টা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর বাজারে রাস্তার উপর ইট, সুরকিসহ নির্মাণসামগ্রী রাখার অপরাধে মহাসড়ক আইন, ২০২১ এর সংশ্লিষ্ট ধারায় ৫ জনকে ৫ টি মামলায় ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া ফুটপাতে বিভিন্ন অবৈধ দোকান অপসারণের নির্দেশনা করা হয়। বিশেষত বিভিন্ন চাল ও ধানের গুদামের সামনে মালামাল লোড-আনলোডের সময়সীমা রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত মেনে চলার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে বারহাট্টার এলপিজি ডিস্ট্রিবিউটর মেসার্স বিশাল এন্টারপ্রাইজের গোডাউন মনিটর করা হয়। এসময় চালান না থাকায় গোডাউনে কেবল ফাঁকা সিলিন্ডার পাওয়া যায়। 

বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম জানান, সড়কের ওপর ইট, বালু, পাথরসহ বিভিন্ন মালামাল রাখার কারণে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com