পঞ্চগড়ে স্কুলের তালা ভেঙে ১১ ফ্যানসহ সাউন্ড সিস্টেম চুরি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড় | ৪ অক্টোবর ২০২৬

পঞ্চগড় সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে চুরির ঘটনায় ১১টি বৈদ্যুতিক ফ্যান, একটি সাউন্ড সিস্টেম ও সততা স্টোরের কিছু টাকা খোয়া গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে ধাক্কামারা ইউনিয়নের বুড়িরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। রোববার সকালে বিদ্যালয়ে এসে শিক্ষকরা অফিস কক্ষের জিনিসপত্র এলোমেলো দেখতে পান। পরে শ্রেণিকক্ষগুলো ঘুরে ১১টি ফ্যান না থাকার বিষয়টি নিশ্চিত হন তারা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, চোরেরা বিদ্যালয়ের মূল ক্যাচিগেট ব্যবহার না করে বারান্দার গ্রিল দিয়ে দোতলায় প্রবেশ করে থাকতে পারে। ঘটনাস্থল থেকে একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে। এছাড়া অফিস কক্ষের একটি টেবিলে জুতার ছাপও পাওয়া গেছে।

চোরেরা বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ তল্লাশি করলেও কাঠের আলমারিতে থাকা ল্যাপটপ ও প্রজেক্টরের সরঞ্জাম নেয়নি। এতে ধারণা করা হচ্ছে, নির্দিষ্ট কিছু সামগ্রী নিয়েই তারা বিদ্যালয় থেকে বেরিয়ে যায়।

সকালে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীরা ফ্যান চালু করতে গিয়ে বিষয়টি প্রথম বুঝতে পারে। শ্রেণিকক্ষে ফ্যান না থাকায় প্রচণ্ড গরমের মধ্যে তাদের ক্লাস করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

এক শিক্ষার্থীর বাবা রমেন চন্দ্র রায় বলেন, বিদ্যালয় থেকে একসঙ্গে এতগুলো ফ্যান চুরি যাওয়ার ঘটনা দুঃখজনক। তিনি চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশীদ জানান, সকালে বিদ্যালয়ে এসে অফিস কক্ষ এলোমেলো অবস্থায় দেখতে পান তারা। পরে বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করে মোট ১১টি ফ্যান চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। একই সঙ্গে একটি সাউন্ড সিস্টেম ও সততা স্টোরে রাখা কিছু টাকাও পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, ছুটির পর শিক্ষকরা বিদ্যালয় থেকে চলে যান। স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পেরেছেন, সাম্প্রতিক সময়ে সন্ধ্যার পর বিদ্যালয়ের আশপাশে কিছু লোকজনের আড্ডা বসে এবং মাদক সেবনের অভিযোগও রয়েছে। তবে ওই ব্যক্তিরাই চুরির সঙ্গে জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চুরির বিষয়টি পঞ্চগড় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com