কলাপাড়ায় বিদ্যালয়ে একে একে অসুস্থ ৩০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত ৩০ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ক্লাস চলাকালীন এক শিক্ষার্থী অসুস্থ হওয়ার পর একে একে অন্য শিক্ষার্থীরাও অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় বিদ্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে নবম শ্রেণির শিক্ষার্থী সানজিদা বিদ্যালয়ের সিঁড়িতে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এ সময় তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। এরপর একে একে আরও শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়তে শুরু করে। বিকেল ৫টা পর্যন্ত অন্তত ২০ শিক্ষার্থীকে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিদ্যালয় সংশ্লিষ্টদের দাবি, সব মিলিয়ে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা ৩০ জনের মতো।

হাইস্কুল সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান সোহাগ জানান, কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার পর তিনি তাৎক্ষণিকভাবে তাদের বিদ্যালয় থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে কলেজ বাজারের চিকিৎসকদের কাছে নিয়ে যান। পরে তাদের দ্রুত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অসুস্থ শিক্ষার্থীদের কয়েকজন হঠাৎ অচেতন হয়ে পড়ে বলে সহপাঠীরা জানায়। সন্তানের অসুস্থতার খবর পেয়ে বিদ্যালয় ও হাসপাতালে ছুটে আসেন অভিভাবকেরা। অনেক অভিভাবককে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়। এ ঘটনায় হাসপাতাল এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, দুপুরে ক্লাসের মাঝামাঝি সময়ে শিক্ষার্থীদের বিশ্রামের সময় (লেইজার) একে একে কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। এ সময় বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ইকবাল হোসেনও অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের অধিকাংশই নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী বলে সহপাঠীরা জানিয়েছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টেন মং জানান, মেডিকেল সায়েন্সে এ ধরনের ঘটনাকে ‘মাস সাইকোজেনিক ইলনেস’ (Mass Psychogenic Illness) বলা হয়। একজনের অসুস্থতা দেখে অন্যদের মধ্যেও একই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। মানসিক প্রভাবের কারণে এমনটি হয়ে থাকে।

তিনি বলেন, এতে ভয় পাওয়ার তেমন কিছু নেই। অসুস্থ সবাইকে সাধ্যমতো যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে তারা সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com