লটারি নয়, মেধার ভিত্তিতেই ভর্তি পরীক্ষা চান অভিভাবকরা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
ময়মনসিংহ ব্যুরো:
সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তিতে বিদ্যমান লটারি পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা পুনর্বহালের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছেন কয়েকশ অভিভাবক ও শিক্ষার্থী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ‘লটারি নয়, মেধার ভিত্তিতেই ভর্তি পরীক্ষা চাই’—এমন দাবি তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
সম্প্রতি সরকারি বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে মাউশির প্রস্তাবিত খসড়া সিদ্ধান্তের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। অভিভাবকদের দাবি, লটারির মাধ্যমে ভর্তি হলে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের সুযোগ থাকে না।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষার্থী বছরের পর বছর পড়াশোনা ও প্রস্তুতি নেওয়ার পর শুধুমাত্র লটারির মাধ্যমে বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া বা না-পাওয়ার বিষয়টি অনেকটা ভাগ্যনির্ভর হয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের সুযোগ সীমিত হয় বলেও তারা দাবি করেন।
অভিভাবকদের আরও দাবি, ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাই করা হলে প্রতিযোগিতামূলক পড়াশোনায় তাদের আগ্রহ বাড়বে। তাই সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে আগের মতো ভর্তি পরীক্ষা চালুর দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, মেধার মূল্যায়নের সুযোগ নিশ্চিত করেই ভর্তি প্রক্রিয়া নির্ধারণ করা উচিত। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিভাবক ও শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে সরকারি স্কুলে ভর্তি পরীক্ষার পদ্ধতি পুনর্বহাল করে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।