গঙ্গাচড়ায় স্মার্ট ইউনিয়ন বাস্তবায়নে মতবিনিময়
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম
রফিকুল ইসলাম সাবুল, রংপুরপ্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে স্মার্ট ইউনিয়ন বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, রংপুর বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মো. আবু জাফর। তিনি প্রজেক্টরের মাধ্যমে স্মার্ট ইউনিয়ন বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মো. আবু জাফর বলেন, ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকেরা যেসব সেবা পান, সেগুলো যাতে সহজে ও দ্রুত ঘরে বসে পাওয়া যায়, সে লক্ষ্যেই স্মার্ট ইউনিয়ন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নাগরিকদের হয়রানি কমানোর পাশাপাশি সেবার মান নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি স্মার্ট ইউনিয়ন বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
সভা শেষে স্থানীয় সরকার বিভাগের পরিচালক গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। গঙ্গাচড়ায় পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।