ইবিতে বেড়েছে বিষাক্ত সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ এএম

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আবাসিক হলগুলোর আশপাশে জঙ্গল, ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশে সাপের উপদ্রবের ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে খালেদা জিয়া হলের ডাইনিংয়ে একটি বিষধর কালাচ সাপের দেখা মিললে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে শনিবার (১১ সেপ্টেম্বর) রাত ২টার দিকে দ্বিতীয় তলার ওয়াশরুমের দরজার সামনে ও ২৭ আগস্টে তৃতীয় তলার পেছনের অংশেও সাপ দেখা যায় বলে জানান শিক্ষার্থীরা।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি এলাকা, ডায়না চত্বর,ল্যাবরেটরী স্কুল সংলগ্ন এলাকায় বিষধর কালাচ এবং গোখরা সাপের দেখা মিলেছে বলে জানা যায়। ইতিপূর্বে জুলাই-৩৬ হল, আয়েশা সিদ্দিকা রা. হল, খালেদা জিয়া হল, শাহ আজিজুর রহমান হল, শহীদ জিয়াউর রহমান হলসহ বিভিন্ন স্থানে একাধিকবার সাপ দেখা গেছে বলে জানন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন অবকাঠামো, অপরিচ্ছন্নতা এবং জঙ্গল পরিষ্কার না করার কারণে আবাসিক হলগুলোতে এ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে শিক্ষার্থীদের। নিয়মিতভাবে ক্যাম্পাস ও হলগুলোর ঝুঁকিপূর্ণ এলাকা পরিষ্কার, জঙ্গল অপসারণ এবং সাপের উপদ্রব রোধে কার্যকর ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের নিকট দাবি জানায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসের পরিচালক আলাউদ্দিন বলেন, ‘হলের আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি। আশা করি, দুই-তিন দিনের মধ্যেই কাজ শেষ হবে। তবে ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ নিয়মিত চলমান রয়েছে। 

খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. আয়নুল হক আকন্দ বলেন, ক্যাম্পাসে সাপের উপদ্রবের ব্যাপারে ইতোমধ্যেই জেনেছি। উপাচার্য স্যার এটা নিয়ে পদক্ষেপ নিতে বলেছেন। অতিশীঘ্রই হলের আশপাশের এলাকা পরিষ্কার করে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, হলের অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নিয়েছি।

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com