বিজিবির বিশেষ অভিযান: মদনের ঘাট থেকে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম

তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকার মদনের ঘাট থেকে একটি দেশীয় একনলা পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রামকৃষ্ণপুর বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে রামকৃষ্ণপুর বিওপির টহল দল মদনের ঘাট এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক বাজারমূল্য (সিজার মূল্য) ১০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে অভিযান কালে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তবর্তী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এমন কঠোর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com