পঞ্চগড়ে মহানন্দা নদীতে জালে ধরা পড়ল ১২ ফুটের অজগর
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পিএম
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড় | ২৯ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তসংলগ্ন মহানন্দা নদীতে মাছ ধরার জালে আটকা পড়েছে একটি বড় আকারের বার্মিজ অজগর। পরে স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে নিরাপদে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১ নম্বর বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে কয়েকজন জেলে নদীতে মাছ ধরছিলেন। একপর্যায়ে তাদের জালে বড় একটি সাপ আটকা পড়লে বিষয়টি আশপাশের লোকজনের নজরে আসে। সাপটি অজগর বুঝতে পেরে স্থানীয়রা সেটিকে জাল থেকে বের করে নিরাপদ স্থানে রাখেন এবং বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করেন।
উদ্ধার হওয়া অজগরটির ওজন আনুমানিক ১৩ থেকে ১৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১০ থেকে ১২ ফুট বলে জানিয়েছে বন বিভাগ। সাপটি বর্তমানে বন বিভাগের তত্ত্বাবধানে পর্যবেক্ষণে রয়েছে।
স্থানীয় বাসিন্দা মনির বলেন, সকালে নদীতে মাছ ধরার সময় অজগরটি জালে আটকা পড়ে। খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে নদীর পাড়ে স্থানীয়দের ভিড় জমে। পরে বন বিভাগকে জানানো হলে কর্মকর্তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান।
তেঁতুলিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিট) নুরুল হুদা জানান, বাংলাবান্ধা ইউনিয়নের মহানন্দা নদী থেকে অজগরটি উদ্ধার করা হয়েছে। এর ওজন আনুমানিক ১৩ থেকে ১৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১০ থেকে ১২ ফুট। বর্তমানে অজগরটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ ও নিরাপদ থাকলে পরবর্তী সময়ে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে সেটিকে অবমুক্ত করা হবে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত দুই থেকে তিন বছরে পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক দফা বার্মিজ অজগরের দেখা মিলেছে। স্থানীয়দের সহযোগিতায় এর মধ্যে কয়েকটি অজগর উদ্ধার করে নিরাপদে অবমুক্ত করেছে বন বিভাগ।