মানিকগঞ্জে তেওতা জমিদার বাড়ি ও বালিয়াটি জমিদার বাড়িসহ জেলার অভ্যন্তরীরণ নদীতীরবর্তী এলাকাগুলোতে পর্যটন শিল্প গড়ে তোলার আহবান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : 

ইতিহাস-ঐতিহ্য আর দেশের বড় নদীগুলোর মধ্যে অন্যতম পদ্মা-যমুনার নৈসর্গিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে মানিকগঞ্জে পর্যটন শিল্পের বিকাশ ঘটানোর আহ্বান জানিয়েছেন বক্তারা । জেলার শিবালয়ের তেওতা জমিদার বাড়ি, সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়িসহ নদীতীরবর্তী দর্শনীয় স্থানগুলোকে পরিকল্পিতভাবে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ওপর গুরুত্ব দেওয়া হয়েছে ।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ রোববার সকালে মানিকগঞ্জে আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন ।

সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয় । পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ।

সভায় বক্তারা বলেন, মানিকগঞ্জে ঐতিহাসিক স্থাপনা, নদ-নদী ও প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রয়েছে বৈচিত্র্যময় গ্রামীণ জীবন । এসব সম্পদকে পরিকল্পিতভাবে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত করা গেলে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে ।

তেওতা ও বালিয়াটি জমিদার বাড়ির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, এসব স্থাপনা শুধু ইতিহাসের সাক্ষী নয়, পর্যটনেরও গুরুত্বপূর্ণ সম্পদ । একই সঙ্গে জেলার নদীতীরবর্তী এলাকাগুলোকে পর্যটনবান্ধব করতে যোগাযোগব্যবস্থা, অবকাঠামো, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন ।

আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক শাহজাহান সিরাজ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা কর্মকার ও ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধি রিপন নাগ ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) কাজী নাহিদ ইভাসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com