কালাইয়ে সাংবাদিক তৌহিদুলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম
মোঃ তাইফুর রহমান, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: ২৮.০৯.২০২৬
জয়পুরহাটের কালাইয়ে দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভার-এর উপজেলা প্রতিনিধি মো. তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা ভূমি অফিসের সামনে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হামলায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বক্তারা বলেন, “প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় দেওয়া হলো। এই সময়ের মধ্যে হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর ও ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবে।”
এ সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপেরও দাবি জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক ইনকিলাবের কালাই উপজেলা প্রতিনিধি আব্দুল বাতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কালাই উপজেলা ভূমি অফিস-সংলগ্ন এলাকায় সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি আহত হলে তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের জেলা প্রতিনিধি শাহারুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আতাউর রহমান, দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি, এম, এ, করিম, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি সেলিম সরোয়ার শিপন, দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি তানভীরুল ইসলাম রিগ্যান, দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি সউদ আব্দুল্লাহ, দৈনিক জনকণ্ঠের উপজেলা প্রতিনিধি মোকাররম হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি তাইফুর রহমান, দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি মোঃ রেজুওয়ান আহমেদসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।