দৌলতপুর সীমান্তে উত্তেজনা, বিজিবির বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম

তানভীর আজাদ, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্ত দিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। স্থানীয়দের সহযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বাধা দিলে ওই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ব্যক্তিকে নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জামালপুর সীমান্তের জিরো লাইনে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমানা পিলার ১৫২/১০-এস থেকে আনুমানিক ১২০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের নার্সারিপাড়া ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা জামালপুর বিওপির বিজিবি সদস্যদের খবর দেন।

পরে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সীমান্তে সতর্ক অবস্থান নেন। স্থানীয়দের সহযোগিতায় বিজিবি সদস্যরা ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির প্রতিরোধের মুখে বিএসএফ সদস্যরা পিছু হটেন।

একপর্যায়ে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিকে নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান। ফলে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

ঘটনার পর সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদার অবস্থানে রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com