নকলায় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী মাদককারবারি গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পিএম

নিজস্ব প্রতিবেদক :

শেরপুরের নকলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৭ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ মনিকা (২০) নামের এক তরুণী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ (সদর কোম্পানি, ময়মনসিংহ)। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল নকলা থানার হলচত্বর মোড় এলাকায় ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে শেরপুর জেলার বাসিন্দা মনিকাকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের কাছে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে তার কাঁধ ব্যাগের ভেতর বিশেষ কায়দায় রাখা ৩৭ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করে র‍্যাব।

​র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত তরুণী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে শেরপুরসহ আশেপাশের জেলাগুলোতে বিক্রি করে আসছিলেন। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

​উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত তরুণীকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য শেরপুরের নকলা থানায় হস্তান্তর করা হয়েছে। 

 

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com