দৌলতপুরে শিয়ালের টানাটানিতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ, মুখমণ্ডল বিকৃত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পিএম
তানভীর আজাদ কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুরে একটি নির্জন মাঠের সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মরদেহের শরীরের বিভিন্ন অংশ শিয়ালে ক্ষতবিক্ষত করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি দুই থেকে তিন দিন আগের।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকার একটি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, সকালে কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাওয়ার সময় নির্জন সড়কের পাশে কয়েকটি শিয়ালকে একটি বস্তু নিয়ে টানাটানি করতে দেখেন। তিনি কাছে গেলে শিয়ালগুলো পালিয়ে যায়। পরে ঘাস ও খড়ের মধ্যে একজনের মরদেহ দেখতে পান তিনি। মরদেহের শরীরের কিছু অংশ শিয়ালে ক্ষতবিক্ষত করে ফেলেছে বলে স্থানীয়রা জানান।
পরে সানাউল্লাহর চিৎকারে আশপাশের মাঠে থাকা অন্য কৃষকেরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। পরে পুলিশকে খবর দেওয়া হলে দৌলতপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ নির্ধারণে ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। একই সঙ্গে এটি হত্যাকাণ্ড কি না, সে বিষয়টিও গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, "মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো। মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ জন্য ঝিনাইদহ থেকে সিআইডির ক্রাইমসিন টিম আসছে।"
ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, "স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, শিয়ালের টানাটানিতে খড়ের আড়াল থেকে মরদেহটি বাইরে বেরিয়ে আসে। পরে স্থানীয়রা সেটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
পুলিশ জানিয়েছে, ক্রাইমসিন টিমের পরিদর্শন, তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই যুবকের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।