হবিগঞ্জে বিশ্ব হার্ট দিবস উদযাপিত: প্রতিটি হৃৎস্পন্দন যেন মিস না হয়

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি: 

"Don't Miss a Beat" বা প্রতিটি হৃৎস্পন্দন যেন মিস না হয় (হৃদরোগের লক্ষণ ও ঝুঁকি চেনা)—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে বিশ্ব হার্ট দিবস, ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মুখলিছুর রহমান।

 অনুষ্ঠানে হৃদরোগের কারণ, লক্ষণ ও প্রতিকার নিয়ে বিশদ ও সংক্ষিপ্ত আলোচনা করেন বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত জালাল, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. শরীফ মোঃ সানজিদ জামান, হার্ট ফাউন্ডেশন হবিগঞ্জের সাধারণ সম্পাদক জনাব শফিকুল বারী আওয়াল এবং বিশিষ্ট আইনজীবী এডভোকেট জনাব রুহুল কবির শরীফ।

আলোচকেরা বলেন, বিশ্ব হার্ট দিবসের মূল লক্ষ্য হলো হৃদরোগ ও রক্তনালির ঝুঁকির বিষয়ে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা তৈরি করা।

 সচেতনতার অভাব এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে প্রতিনিয়ত হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার বাড়ছে, যা সঠিক নিয়মের মাধ্যমে কমিয়ে আনা সম্ভব।

হৃদপিণ্ড সুস্থ রাখার উপায় হিসেবে সভায় বক্তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন:

• নিয়মিত শরীরচর্চা: প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা শারীরিক ব্যায়াম করা উচিত।

• প্রযুক্তির সীমিত ব্যবহার: অতিরিক্ত মোবাইল, কম্পিউটার ইত্যাদি গ্যাজেট ব্যবহারের অভ্যাস পরিহার করে সক্রিয় জীবনযাপন করা জরুরি।

• খাদ্যাভ্যাস ও সচেতনতা: চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা, ধূমপান বর্জন করা এবং নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা প্রয়োজন।

র‍্যালি ও আলোচনা সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com