ঘিওরে ১৪ পিস ইয়াবাসহ আটক-২

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পিএম

সোহেল রানা খন্দকার, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওরে ইয়াবা বিক্রির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ । বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে ঘিওর উপজেলা ব্র্যাক অফিসসংলগ্ন প্রতীক স্টোরের সামনে থেকে তাঁদের আটক করা হয় । এ সময় তাঁদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

আটক দুজন হলেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সজিব জমাদ্দার (২৭) এবং ঘিওর উপজেলার কুস্তা বন্দরের রিফাত মিয়া (২৩) ।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে প্রতীক স্টোরের সামনে ইয়াবা কেনাবেচার তথ্য পায় পুলিশ । খবর পেয়ে ঘিওর থানার একটি দল সেখানে যায় । রাত ১১টা ৪০ মিনিটে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি সরে যাওয়ার চেষ্টা করলে তাঁদের আটক করা হয় ।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁদের তল্লাশি করা হয় । এ সময় সজিবের জিন্স প্যান্টের বাম পকেট থেকে সাত পিস এবং রিফাতের ডান পকেট থেকে আরও সাত পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে ।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ১৪ পিস ইয়াবার মোট ওজন ১ দশমিক ৪ গ্রাম । এগুলোর আনুমানিক মূল্য ৪ হাজার ২০০ টাকা ।

এজাহারে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যক্তি ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রাখার কথা জানিয়েছেন । তবে তাঁদের এই বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী ঘিওর থানায় মামলা হয়েছে । মামলাটি তদন্ত করছেন এসআই মোক্তার হোসেন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com