সিংজুরীতে ১১ শতাংশ জমি আদালতের আদেশে উচ্ছেদ অভিযানে দখলমুক্ত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওরে আদালতের আদেশের পর ১১ শতাংশ জমির দখল পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঘিওর উপজেলা প্রশাসন । বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সিংজুরী ইউনিয়নের বীরসিংজুরী মৌজায় এ অভিযান চালানো হয় ।

প্রশাসনিক সূত্রে জানা যায়, বীরসিংজুরী মৌজার ১১ শতাংশ জমির দখল নিয়ে মো. মিজানুর রহমান ও নাজমা বেগম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ জুলাই আদালত জমির দখল পুনরুদ্ধারের আদেশ দেন ।

আদালতের নথি অনুযায়ী, আবেদনকারীদের উপস্থাপিত কাগজপত্র ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট জমির দখল পুনরুদ্ধারের নির্দেশ দেওয়া হয় । একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে জমির দখল হস্তান্তর এবং কোনো স্থাপনা থাকলে তা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় ।

এর ধারাবাহিকতায় বুধবার (30 অক্টোবর) মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ারের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন । ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলামের তত্ত্বাবধানে ঘিওর থানা-পুলিশ, আনসার সদস্য ও ভূমি কার্যালয়ের কর্মচারীরা এতে অংশ নেন ।

আদালতের নথিতে বীরসিংজুরী মৌজার আরএস ২৫ ও ২৬ নম্বর দাগের অংশবিশেষ নিয়ে মোট ১১ শতাংশ জমির উল্লেখ রয়েছে । নথিতে প্রতিপক্ষ হিসেবে মো. ইমরান, মো. বজলুল রহমান ও মো. জাকির হোসেনের নাম রয়েছে ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের আদেশ অনুযায়ী অভিযান চালিয়ে জমির দখল পুনরুদ্ধারের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com