ক্ষেতলালে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন-১ উদ্বোধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন-১-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আলমপুর ইউনিয়নে স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, গ্রামীণ পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটানো, তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং যুবসমাজকে মাদক ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে সুস্থ ও ইতিবাচক পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান।
টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের সভাপতি এম এ দেওয়ান হাসান, আলমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. খোকন আলী খান এবং সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী।
আলমপুরের যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতার মাধ্যমে এলাকার প্রতিভাবান তরুণ খেলোয়াড়রা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া কার্যক্রম পরিচালিত হবে।