শ্রীপুরে গাভী পালন কর্মসূচির আওতায় ১৮ জন সংগ্রামী মায়ের হাতে ৯ লাখ২৬ হাজার টাকা ঋণ বিতরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৩:২১ পিএম

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়নে গাভী পালন কর্মসূচির আওতায় ১৮ জন সংগ্রামী মায়ের মাঝে ৯ লাখ ২৬ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) শ্রীপুর উপজেলা কার্যালয়ের আওতাধীন সদাবিক কর্মসূচির মাধ্যমে উপজেলার তাতীসুতা গ্রামের এসব নারীর হাতে ঋণের অর্থ তুলে দেওয়া হয়।

ঋণ বিতরণ করেন শ্রীপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার। এ সময় তিনি ঋণের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে গাভী পালন ও আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে গ্রামীণ নারীদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সামাজিক সচেতনতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়। বিশেষ করে যৌতুকের কুফল, মাদকের ভয়াবহতা এবং সন্তানদের লেখাপড়ার প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

বিআরডিবির কর্মকর্তারা বলেন, গ্রামের দরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ ধরনের ঋণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গাভী পালন থেকে আয় করে নারীরা যেমন পরিবারের আর্থিক সংকট মোকাবিলা করতে পারবেন, তেমনি ধীরে ধীরে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবেন।

 

 

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com