১৫ দিনের সময় দিয়ে বিএনপির ৪ নেতাকে হত্যার হুমকি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে চিঠি দিয়ে দলের চার নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয় পরিষ্কার করার সময় একটি খামের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ওই চিঠি পাওয়া যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে চিঠিটি জব্দ করে পুলিশ। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রায়কালী বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয় খুলে ঝাড়ু দেওয়ার সময় দলীয়কর্মী মোজাম্মেল হক মোজাম একটি খাম দেখতে পান। খামটি খুলে পলিথিনে মোড়ানো একটি চিরকুট পাওয়া যায়।
এতে রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম.ইউ. আহমেদ মোশারফ, রায়কালী ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা হেলাল হোসেন এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।
চিরকুটটি লাল কালি দিয়ে লেখা। এতে ওই চার নেতার নাম উল্লেখ করে লেখা হয়েছে, ‘হত্যা করা হবে, সময় ১৫ দিন।’ তবে কে বা কারা চিঠিটি সেখানে রেখে গেছে, তা জানা যায়নি।
রায়কালী ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘কার্যালয়ে পাওয়া চিঠিতে আমারসহ চারজনের নাম উল্লেখ করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কে বা কারা চিঠিটি দিয়েছে, তা জানা সম্ভব হয়নি। চিরকুটটি লাল কালি দিয়ে লেখা হয়েছে। এটি রক্তের চিহ্ন বোঝানোর জন্য করা হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা।
আমাদের দল ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সামাজিক কাজে আমরা নিয়োজিত। এতে কেউ ঈর্ষান্বিত হয়ে এমন কাজ করতে পারে। এ ঘটনা হালকাভাবে দেখার সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানাই।’
রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম.ইউ. আহমেদ মোশারফ বলেন, ‘চিঠি দিয়ে হুমকির ঘটনা এর আগে কখনও ঘটেনি। আমরা আইনগত ব্যবস্থা নেব।’
রায়কালী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বুলু বলেন, ‘দলীয় কর্মী মোজাম্মেল হক মোজাম কার্যালয় পরিষ্কার করার সময় চিঠিটি পেয়ে আমাদের জানান। আমরা তাৎক্ষণিক থানায় খবর দেই। পুলিশ এসে চিঠিটি নিয়ে গেছে। তারাও খোঁজখবর রাখছেন। কেউ মশকরা করেছে কিনা, সেটিও খতিয়ে দেখা উচিত।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে চিঠিটি জব্দ করেছে।
ঘটনার পর থেকে ওই এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’