অনৈতিক কর্মকান্ডের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিং, নিরঞ্জন হত্যার রহস্য উদঘাটন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পিএম
নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ :
অনৈতিক কর্মকান্ডের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিংয়ের জেরে ময়মনসিংহে খুন হয়েছেন অটোরিকশা মালিক ও স্বর্ণ কারিগর নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ঘাতক শামীম মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সংবাদ সম্মেলনে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, নিহত নিরঞ্জনের সঙ্গে তার অটোরিকশার গ্যারেজ ম্যানেজার শামীমের ঘনিষ্ঠতা ছিল। শামীমের বাসায় এক নারীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের দৃশ্য গোপনে ভিডিও করেন নিরঞ্জন। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে শামীমকে ক্রমাগত ব্ল্যাকমেইল ও মোটা অঙ্কের টাকা দাবি করতে থাকেন তিনি।
গত ২১ সেপ্টেম্বর বিকেলে শামীমের খাগডহরের ভাড়া বাসায় ফের টাকা দাবি করলে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শামীম মসলা বাটার পাটার শিল দিয়ে নিরঞ্জনের মাথায় আঘাত করে এবং পরে বটি দিয়ে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। লাশ গুম করতে তা চটের বস্তায় বেঁধে চালের ড্রামে ভরে নিজের ঘরেই রেখে দেয়। পরদিন ২২ সেপ্টেম্বর রাতে ইজিবাইকে করে ড্রামটি বেগুনবাড়ী স্লুইস গেটের খালের পানিতে ফেলে দিয়ে আত্মগোপনে চলে যায় শামীম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে পরিবার পরিচয় শনাক্তের পর নিহতের স্ত্রী সবিতা রানী ধর কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন। পিবিআই ছায়াতদন্ত চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত পাটার শিল ও বটি উদ্ধার করে। আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার আইনি প্রক্রিয়ায় রয়েছে।