গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পিএম

‎ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট

‎সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

‎শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

‎কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টার দিকে আট জেলেসহ একটি ফিশিং বোট সুন্দরবনের কোকিলমনি এলাকা থেকে গভীর সমুদ্রে মাছ আহরণে যায়। একপর্যায়ে বোটটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি সাগরে ভাসতে থাকে।

‎পরবর্তীতে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে এক জেলে বোটের মালিককে ফোন করে বিষয়টি জানান। পরে বোটের মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।

‎খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে গভীর সমুদ্র থেকে বিকল ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

‎উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। বর্তমানে উদ্ধার করা বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।‎

‎কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জেলেদের নিরাপত্তা ও জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com