কালাইয়ে বকনা গরু বিতরণ, বৃক্ষরোপণ ও ডিজিটাল ল্যাব উদ্বোধনে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

মোঃ তাইফুর রহমান, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলায় নানা আয়োজনে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে, সমাজসেবা অধিদপ্তর ও উন্নয়ন সংস্থা ‘সোশ্যাল ডেভেলপমেন্ট

সার্ভিস’ (এসডিএস)-এর আয়বর্ধনমূলক কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের জীবনমান উন্নয়নে ১১৫টি বকনা গরু বিতরণ করা হয়।

​একই সাথে কালাই উপজেলার কৃতী সন্তান, জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি পৌরসভার আঁওড়া সড়কে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করতে একটি ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন। এলাকার কৃতী সন্তানের নেতৃত্বে জন্মমাটির মানুষের ভাগ্যোন্নয়ন ও সার্বিক বিকাশে নেওয়া এসব বহুমুখী পদক্ষেপ উপস্থিত সবার মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা যোগায়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি বলেন, "সরকার ও উন্নয়ন সংস্থাগুলোর এই ধরনের যৌথ উদ্যোগ প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী করতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। বিতরণকৃত বকনা গরুগুলো সঠিকভাবে লালন-পালন করলে পরিবারগুলোতে নিয়মিত আয়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি উদ্বোধন করা ডিজিটাল ল্যাবে বিশেষজ্ঞ প্রশিক্ষক এনে আমাদের শিক্ষার্থীদের আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংয়ে দক্ষ করে গড়ে তোলা হবে, যাতে তারা ঘরে বসেই অর্থ উপার্জন করতে পারে। 

আর আঁওড়া সড়কে রোপণ করা ফলজ বৃক্ষগুলো আমাদের পরিবেশ সুরক্ষার পাশাপাশি পুষ্টির চাহিদাও মেটাবে।" কালাইয়ের সার্বিক উন্নয়নে ভবিষ্যতে আরও কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।​কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসডিএসের উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত সচিব এ কে এম মাসুদুজ্জামান এবং সংস্থাটির নির্বাহী পরিচালক আয়েশা আক্তার।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কালাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মুনিরুজ্জামান বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার,পৌর বিএনপির আহবায়ক মো.সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো.আব্দুল আলিম সরকার,সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com