মানিকগঞ্জে ভিক্ষুকের ছদ্মবেশে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে হাতুড়িপেটা, স্বর্ণের চেইন ছিনতাই
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পিএম
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকায় ভিক্ষুকের ছদ্মবেশে ফ্ল্যাটে ঢুকে হাজেরা বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে আঘাত করে তাঁর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বায়তুল আমান ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে । আহত হাজেরা বেগমকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । পরিবারের দাবি, তাঁর গলায় থাকা প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায় হামলাকারী
হাজেরা বেগমের মেয়ে আলেয়া বেগমের ভাষ্য, বোরকা পরা এক ব্যক্তি হাতে চালের ব্যাগ নিয়ে দুপুরে তাঁদের বাসার দরজায় কড়া নাড়েন । দরজা খোলার পর ওই ব্যক্তি তাঁর মায়ের মাথায় হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন । পরে গলার চেইন নিয়ে দ্রুত পালিয়ে যান ।
মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে আলেয়া বেগম ঘটনাস্থলে গিয়ে মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, উত্তর সেওতা এলাকায় একটি ফ্ল্যাটে ঢুকে এক নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।
আরও পড়ুন
বোদায় ৯৫ পূজামণ্ডপে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আশ্বাস
যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
ব্রেইন টিউমারে আক্রান্ত এসএসসি পরীক্ষার্থী সোহাগ, প্রয়োজন ৪–৫ লাখ টাকা