মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার দুই হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পিএম
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশিরের দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা । রোববার দিবাগত রাতে সদর ও সিংগাইর থানা এলাকার সীমান্তবর্তী একটি ইটভাটায় এ ঘটনা ঘটে । বর্তমানে আহত বশির ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
বশির মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের পালোরার চর গ্রামের মনিরের ছেলে ।
সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফাহিম আসজাদ বলেন, ঘটনাটি সদর থানার সীমানা শেষ হওয়ার প্রায় ২০০ গজ ভেতরে সিংগাইর থানা এলাকায় ঘটেছে । কারা এবং কী কারণে হামলা চালিয়েছে, তা তদন্ত করা হচ্ছে । প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কোনো বিরোধের বিষয় রয়েছে বলে ধারণা করা হচ্ছে । এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বশিরের সঙ্গে থাকা ব্যক্তিরা তার বন্ধু বলে প্রাথমিকভাবে জানা গেছে । তাঁদের বাড়িও সদর উপজেলায় । কীভাবে ও কেন বশিরকে ইটভাটায় নেওয়া হয়েছিল, সেখানে কী ঘটেছিল এবং কারা এ হামলার সাথে জড়িত—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে ।
এদিকে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ । সোমবার জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশী ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে হামলার জন্য বিএনপি-জামায়াতের লোকজনকে দায়ী করা হয় । তবে বিবৃতিতে এ দাবির সমর্থনে কোনো তথ্য দেওয়া হয়নি ।
অন্যদিকে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ দাবি করেন, বশিরের সঙ্গে থাকা তার বন্ধুরাই হামলায় জড়িত থাকতে পারে । তাদের মধ্যে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের কথা তারা শুনেছেন বলে জানান তিনি । এ ঘটনায় ছাত্রদল বা বিএনপির কোনো অঙ্গসংগঠন জড়িত নয় বলেও দাবি করেন শুভ ।
পুলিশ জানিয়েছে, হামলার প্রকৃত কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে ।