ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সাপের কামড়ে নারীর মৃত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম

 জহিরুল ইসলাম, ভূল্লী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

 ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় সাপের কামড়ে আনোয়ারা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেবীপুর ইউনিয়নের মুন্সিরহাট খলিশাকুড়ি (কমলাপুর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম ওই গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী। তিনি চার সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে বাড়ির সামনে চাতালে গাছের পাতা ঝাড়ু দেওয়ার সময় একটি সাপ তার ডান পায়ের গোড়ালিতে কামড় দেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, আনোয়ারা বেগমের ছেলে-মেয়েরা আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তিনি প্রায় ২০ বছর ধরে পার্শ্ববর্তী খলিশাকুড়ি (ভূঁইয়াপাড়া) গ্রামের ব্যবসায়ী জিয়ার বাড়িতে বসবাস করতেন। তিনি ওই বাড়ির দেখাশোনা করতেন। জিয়া ও তার পরিবার বর্তমানে ঠাকুরগাঁও শহরে বসবাস করেন। দীর্ঘদিন ধরে জিয়া আনোয়ারা বেগমের ভরণপোষণসহ যাবতীয় খরচ বহন করে আসছিলেন বলে স্থানীয়রা জানান।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে জানা গেছে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, সাপের কামড়ে ওই নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com