পঞ্চগড়ে কৃষক ও পানি ব্যবস্থাপনা সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড় | ২৯ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বহুবাঁধ এফসিডিআই প্রকল্পের সুবিধাভোগী কৃষক ও পানি ব্যবস্থাপনা সংগঠনের সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার আলোয়াখোয়া উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পানি ব্যবস্থাপনা সংগঠনগুলোর কার্যক্রমকে আরও দক্ষ ও কার্যকর করা, প্রকল্প পরিকল্পনা এবং রক্ষণাবেক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ধারণা দেওয়াই এ প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার।
পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও প্রশিক্ষণ কোর্সের কো-অর্ডিনেটর আশুতোষ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড, রংপুরের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাজু আহমেদ এবং আটোয়ারী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অর্জুন রায়।
প্রশিক্ষণ কার্যক্রমে সহকারী কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিউল বারী।
আয়োজকরা জানান, দুই দিনের এই প্রশিক্ষণে বহুবাঁধ এফসিডিআই প্রকল্পের ৬০ জন সুবিধাভোগী কৃষক ও পানি ব্যবস্থাপনা দলের সদস্য অংশ নিয়েছেন। প্রশিক্ষণের বিভিন্ন সেশনে পানি ব্যবস্থাপনার কৌশল, সেচ ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা, প্রকল্প প্রণয়ন এবং অবকাঠামোর রক্ষণাবেক্ষণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছে।
প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকরা সেচ ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি, বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি বহুবাঁধ প্রকল্পের কার্যকারিতা আরও বাড়ানো এবং আধুনিকায়নের বিষয়ে তারা বিভিন্ন পরামর্শ দেন।
প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পানি ব্যবস্থাপনা সংগঠন ও সুবিধাভোগী কৃষকদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রকল্পের সুষ্ঠু পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।