ডেঙ্গু প্রতিরোধে কালীগঞ্জের তুমলিয়ায় ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম
আব্দুল মতিন খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
সরকারের পদক্ষেপ সারা দেশের ন্যায় ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তুমলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চুয়ারিয়াখোলা মিশন এলাকা এ অভিযান শুরু হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, পানি জমে থাকার সম্ভাব্য স্থান চিহ্নিত করে তা অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের কার্যক্রম চালানো হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর মিয়ার সভাপতিত্বে অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন সরকার। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম।
অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, প্লাস্টিকের পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়। একই সঙ্গে সড়কের পাশের অপ্রয়োজনীয় আগাছা পরিষ্কারের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় ইউপি সদস্য সাগর রোজারিও (১ নম্বর ওয়ার্ড), আলী হোসেন (২ নম্বর ওয়ার্ড), সাদিকুর রহমান (৩ নম্বর ওয়ার্ড), ফালান মন্ডল (৪ নম্বর ওয়ার্ড), মজিবুর রহমান (৫ নম্বর ওয়ার্ড) ও বদরুজ্জামান সরকার মোমেন (৬ নম্বর ওয়ার্ড) উপস্থিত ছিলেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য সুপ্রিয়া সি. গমেজ, হাসিনা বেগম ও শিখা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দা, ইউনিয়নের সকল গ্রাম পুলিশ অভিযানে অংশ নেন।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা জনপ্রতিনিধিদের উদ্যোগ যথেষ্ট নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে নিয়মিত নজর দিতে হবে।
তারা জানান, সরকারি উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম তিন মাসের জন্য পরিচালিত হলেও তুমলিয়া ইউনিয়নে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সারা বছর চালিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এ কার্যক্রম আরও জোরদার করা হবে। অভিযানটি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর তুমলিয়া মিশন থেকে শুরু হয়ে ৭ নং ওয়ার্ডের বোয়ালী গিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত হয়।