গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী রংপুরে উদ্ধার, প্রধান আসামিসহ গ্রেফতার ৪
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় অপহৃত নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে রংপুর মহানগরীর কাতলা কাছনা এলাকা থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ ঘটনায় মামলার প্রধান অভিযুক্ত টিপু মিয়াসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে গাইবান্ধা ও রংপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন—মামলার প্রধান অভিযুক্ত টিপু মিয়া (২৫), আলী আকবর (৫০), বিপুল মিয়া (২৭) ও বেলাল মিয়া (৩০)। তারা সবাই গাইবান্ধার বারবলদিয়া (নতুন বন্দর) এলাকার বাসিন্দা।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে টিপু মিয়া তাকে প্রেমের প্রস্তাব দিতেন। বিষয়টি কিশোরী তার পরিবারকে জানালে তার বাবা টিপু মিয়ার পরিবারকে বিষয়টি অবহিত করেন।
অভিযোগ রয়েছে, গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে গাইবান্ধার রুপার বাজার এলাকা থেকে টিপু মিয়া জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে ওই কিশোরীকে নিয়ে যান।
এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর কিশোরীর বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলাটির নম্বর ৩৫।
পরে অপহৃত কিশোরীকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় রোববার রাত ২টা ৪৫ মিনিটে গাইবান্ধার বারবলদিয়া গ্রামের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি আলী আকবর, বিপুল মিয়া ও বেলাল মিয়াকে গ্রেফতার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল সাড়ে ৬টার দিকে রংপুর মহানগরীর কাতলা কাছনা (বোতলা পাড়া) এলাকায় মো. সুমনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং মামলার প্রধান অভিযুক্ত টিপু মিয়াকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উদ্ধার হওয়া ভিকটিম ও গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।