ছিনতাইয়ের শিকার হলেন নওগাঁর মহাদেবপুরের আশিক হোসেন

সারাদেশে চুরি, ছিনতাইয়ের আতুড়ঘর তারই স্বীকার নওগাঁর মহাদেবপুরের আশিক হোসেন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

ফেসবুক গ্রুপে সেকেন্ড হ্যান্ড ব্যবহৃত মোবাইল ফোন বিক্রির তথ্য দেখে কিনতে গিয়ে ধারালো চাকুর মুখে ছিনতাইয়ের শিকার হয়েছেন নওগাঁর মহাদেবপুরের আশিক হোসেন নামের এক তরুণ। ঘটনাটি ঘটেছে জয়পুরহাট স্টেডিয়াম এলাকায়। প্রতারক চক্রটি ফোন ও নগদ টাকাসহ প্রায় ২৫ হাজার টাকার মালামাল ছিনিয়ে নিয়েছে বলে ভুক্তভোগী দাবি করেছেন।   

ভুক্তভোগী আশিক হোসেনের ভাষ্যমতে, ফেসবুকের একটি স্থানীয় গ্রুপে 'Oppo a38' মডেলের একটি ফোন বিক্রির পোস্ট দেখতে পেয়ে তিনি বিক্রেতার সাথে যোগাযোগ করেন। দরদাম নির্ধারণের পর বিক্রেতা তাঁকে জয়পুরহাট স্টেডিয়াম এলাকায় আসতে বলে। সেখানে পৌঁছালে বিক্রেতা ও তার সঙ্গী জানায় ফোনের চার্জার বাসায় রয়ে গেছে এবং চার্জার আনার কথা বলে আশিককে মোটরসাইকেলে বসিয়ে কিছুটা দূরে নিয়ে যায়। এরপর নির্জন স্থানে নিয়ে গিয়ে ধারালো চাকু প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে তাঁর কাছে থাকা ১০ হাজার টাকা এবং সঙ্গে থাকা নিজের মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।   

তিনি জানান, ছিনতাইকারী দলে মূলত দুজন যুবক জড়িত ছিল—যাদের মধ্যে একজন ফর্সা ও অপরজন কালো বর্ণের। এ ঘটনায় স্টেডিয়াম এলাকার স্থানীয় এক দোকানদারের সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও আশিক সন্দেহ প্রকাশ করেছেন। ঘটনার পর অভিযুক্তরা আশিকের সাথে থাকা যোগাযোগের মোবাইল নম্বর এবং চ্যাট হিস্ট্রি মুছে ফেলে গা-ঢাকা দেয়।   

এ বিষয়ে ভুক্তভোগী আক্ষেপ প্রকাশ করে জানান, “আমি একজন সাধারণ ও দরিদ্র পরিবারের ছেলে। চক্রটি কৌশলে আমার নগদ টাকা ও ফোনসহ প্রায় ২৫ হাজার টাকার ক্ষতি করেছে।” অনলাইন কেনাবেচার ক্ষেত্রে জয়পুরহাটের সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com