পঞ্চগড়ে আট দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের মানববন্ধন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড় | ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর নির্ধারণসহ আট দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রাররা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতি পঞ্চগড়ের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে পুরুষের বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর এবং নারীর ১৮ বছর নির্ধারিত রয়েছে। তাদের দাবি, বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিয়ের বয়স পুনর্নির্ধারণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে মেয়েদের ১৬ বছর এবং ছেলেদের ১৮ বছর বয়সে বিয়ের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও দাবি করেন, বিয়ের বয়সসংক্রান্ত বর্তমান ব্যবস্থার কারণে অনেক তরুণ-তরুণী বিভিন্ন সামাজিক ও পারিবারিক জটিলতার মধ্যে পড়ছেন। তাদের মতে, বিষয়টি বিবেচনা করে প্রচলিত আইন ও নীতিমালা পুনর্বিবেচনা করা প্রয়োজন।

মানববন্ধন থেকে নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখাসহ আট দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর নির্ধারণ, নিকাহ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর করা এবং পিতার অবর্তমানে তার পুত্রকে নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগের সুযোগ দেওয়া।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের হয়রানি বন্ধ, ডিও লেটার প্রথা বাতিল, বিবাহ রেজিস্ট্রারদের ফি বৃদ্ধি এবং বিবাহ ও তালাকের ক্ষেত্রে নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা করার প্রথা বন্ধের দাবিও জানান তারা।

কর্মসূচিতে মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতি পঞ্চগড়ের সভাপতি এ আর এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মো. হাবিবুর রহমান, সদর উপজেলা কমিটির সভাপতি আরাফাত ইদ্রিস ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বোদা উপজেলা শাখার সভাপতি মাশরুল আলম রাজু, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি আব্দুল মোতালেব, দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শামসুল আলম এবং তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি আজমত আলীসহ জেলার বিভিন্ন উপজেলার নিকাহ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com