পঞ্চগড়ে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ; ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড় | ২৬ সেপ্টেম্বর ২০২৬

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের সোনালী ব্যাংকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তিনি দলের নেতাকর্মীদের সংগঠিত থেকে যেকোনো অপচেষ্টা মোকাবিলার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ সাম্য, মানবিকতা ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এ সময় একটি মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। তবে জনগণের সমর্থন ও দলীয় ঐক্যের মাধ্যমে এসব অপচেষ্টা ব্যর্থ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ঐক্যবদ্ধ থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব বলেও উল্লেখ করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম এবং পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।

এসময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, অ্যাডভোকেট আদম সুফিসহ জেলা বিএনপি, পাঁচ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আয়োজকদের দাবি, মিছিলে পঞ্চগড়ের পাঁচ উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় দুই হাজার নেতাকর্মী অংশ নেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com