তেঁতুলিয়াকে পর্যটননগরী ঘোষণার দাবি, বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য আয়োজন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

তেঁতুলিয়া | ২৭ সেপ্টেম্বর ২০২৬

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। একই সঙ্গে তেঁতুলিয়াকে ‘পর্যটননগরী’ হিসেবে ঘোষণার দাবি জানান পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের তেতুলতলা এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইএসডিওর ইকো মহানন্দা কটেজের হলরুমে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান, পঞ্চগড় ট্যুরিস্ট পুলিশ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন, জিয়া পরিষদের আব্দুল জব্বার, এমপি প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ, এনসিপির আহ্বায়ক হাবিবুর রহমান, তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি সোহরাব আলী, বাঁশের ছাউনি রিসোর্টের পরিচালক আবু সালেহ ইমরান, ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, ভ্যানচালক সমিতির সভাপতি মনসুর আলীসহ স্থানীয় পর্যটন উদ্যোক্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে তেঁতুলিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এসকে দোয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রনি মিয়াজীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পঞ্চগড় ট্যুরিস্ট পুলিশ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন, তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান, জিয়া পরিষদের আব্দুল জব্বার, এমপি প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ, এনসিপির আহ্বায়ক হাবিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, ইএসডিওর প্রোগ্রাম ম্যানেজার মো. লিটন, বাঁশের ছাউনি রিসোর্টের পরিচালক আবু সালেহ ইমরানসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, হিমালয়ের পাদদেশে অবস্থিত তেঁতুলিয়া প্রাকৃতিক সৌন্দর্য ও ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে দেশের সম্ভাবনাময় পর্যটন গন্তব্যগুলোর একটি। কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, বিস্তীর্ণ চা-বাগান, বাংলাবান্ধা স্থলবন্দর, শতবর্ষী তেঁতুলগাছ, ডাকবাংলো পিকনিক কর্নারসহ বিভিন্ন দর্শনীয় স্থান পর্যটকদের আকর্ষণ করে।

তারা বলেন, পরিকল্পিতভাবে পর্যটন অবকাঠামো গড়ে তোলা গেলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ বাড়ার পাশাপাশি পর্যটননির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডও সম্প্রসারিত হতে পারে। এ ক্ষেত্রে যোগাযোগব্যবস্থা, পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন, নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা সভায় তেঁতুলিয়া উপজেলাকে ‘পর্যটননগরী’ হিসেবে ঘোষণার দাবি জানানো হয়। পাশাপাশি পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি সহায়তা, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় পর্যটন উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com