মানিকগঞ্জে ভোজ্য তেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে বাজার মনিটরিং বিষয়ক অ্যাডভোকেসি সভা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রিতে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে বাজার মনিটরিং জোরদার করার আহ্বান জানিয়েছেন বক্তারা । একই সঙ্গে ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ পাত্রে ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে বাজার মনিটরিং বিষয়ক অ্যাডভোকেসি সভায় বক্তারা এসব কথা বলেন ।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), মানিকগঞ্জ জেলা শাখা এ সভার আয়োজন করে । এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা । মুখ্য আলোচক ছিলেন সাবেক সচিব ও ক্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান ।
ক্যাব মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ বি এম সামছুন্নবী তুলিপের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা ও পুলিশের পরিদর্শক মো. রফিকুল ইসলাম ।
সভায় ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ পাত্র ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। অনিরাপদ ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রির সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এবং এ বিষয়ে বাজারে নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয় ।
বক্তারা বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ পাত্রে ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রি নিশ্চিত করা প্রয়োজন । এ জন্য ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করতে হবে । পর্যায়ক্রমে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে প্রশাসন, ব্যবসায়ী ও ভোক্তাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন ।
সভায় হার্ট ফাউন্ডেশনের প্রোগ্রাম কনসালটেন্ট মোশতাক হাসান মো. ইফতেখার, প্রোগ্রাম ম্যানেজার ডা. আলিভা হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক আশফাকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
ক্যাব মানিকগঞ্জ জেলা শাখা আয়োজিত এ সভায় সহযোগিতা করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ।