শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমিয়ে পড়াশোনা ও খেলাধুলায় উৎসাহিত করতে হবে- ইঞ্জিনিয়ার ইস্রাফিল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ এএম

প্রতিবেদক মোঃ ফয়সাল খন্দকারঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান। প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. ইস্রাফিল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মো. সুজন আজি ও সিনিয়র শিক্ষিকা কোহিনুর আক্তার রুমা।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমেদ, ৫ নম্বর দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মহসিন অজি, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশিকুজ্জামান, ৫ নম্বর দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাছির মিয়াজী, মো. ফারুক মিয়াজী, মো. শাহ আলম প্রধান, মো. মঈনউদ্দিন বেপারী, মহিউদ্দিন খোকন ও খোরশেদ আলম মাস্টার।  

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. ইস্রাফিল আলম বলেন, “সন্তানকে মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে হলে আগে অভিভাবকদের নিজেদের মোবাইল ব্যবহারে সংযমী হতে হবে। কারণ সন্তানরা উপদেশের চেয়ে অভিভাবকদের আচরণ ও জীবনযাপন থেকেই বেশি শিক্ষা গ্রহণ করে।” তিনি বলেন, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শুধু তাদের ওপর নজরদারি করলেই হবে না; পরিবার থেকেই সচেতনতা ও ইতিবাচক পরিবেশ তৈরি করতে হবে। এ সময় তিনি সন্তানদের মোবাইল আসক্তি কমিয়ে পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিশুদের মোবাইলের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত রেখে পড়াশোনা ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।  

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, নবগঠিত কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com