ঘিওরে ৮২ হেক্টর জলাশয়ে ২৭১ কেজি রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ ও ঘুনিয়া প্রজাতির পোনামাছ অবমুক্ত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ২০২৬–২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাশয়ে দেশীয় মাছের প্রাপ্যতা বাড়ানোর লক্ষ্যে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এ কর্মসূচি বাস্তবায়নে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর থেকে উপজেলা পরিষদ পুকুর, ধলেশ্বরী মরা নদী, মোহালী আদর্শ গ্রাম পুকুর, ঘিওর হাসপাতাল পুকুর ও কে.বি.বি.টি কাটাখালী খালে পর্যায়ক্রমে পোনামাছ অবমুক্ত করা হয় ।
অভ্যন্তরীণ জলাশয়ে মাছের উৎপাদন বাড়াতে উপজেলার ৮২ দশমিক ৭১ হেক্টরের ৫টি জলাশয়ে রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ ও ঘুনিয়া প্রজাতির মোট ২৭১ দশমিক ৪৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে ।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম । উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজনীন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম মনির ও সিনিয়র সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেন ।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সিনিয়র যুগ্ম সম্পাদক জানে আলম, উপজেলা সরকারি মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহীন আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।