হিলিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

হিলিতে যৌথ তল্লাশি অভিযান চালিয়ে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের ৬৪৬ বোতল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজিবি জানায়, মঙ্গলবার হিলি পোস্ট অফিস রোডের শান্তির মোড় এলাকায় যৌথভাবে তল্লাশি চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সূত্রে জানা যায়, হিলি বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২৮৫/১১-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের পাশের একটি স্টোররুমে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ ও মাদকদ্রব্য মজুতের তথ্য পাওয়া যায়।

এসব পণ্য হাকিমপুর রোড হয়ে দেশের বিভিন্ন এলাকায় ভ্যান বা পিকআপযোগে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

পরে বিজিবি টহল দল, উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ যৌথভাবে হিলি পোস্ট অফিস রোডের শান্তির মোড় এলাকায় তল্লাশি চালায়। এ সময় দুটি কার্টন থেকে ১১০ মিলিলিটারের ৬৪৬ বোতল ‘তনু লায়ন’ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত সিরাপের সিজার মূল্য ১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানায়, উদ্ধারকৃত সিরাপের বিষয়ে হাকিমপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিধি অনুযায়ী উদ্ধার করা মালামাল ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণ করা হবে এবং পরবর্তী সময়ে ধ্বংস করে নিষ্পত্তি করা হবে।

বিজিবি আরও জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি৷

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com