কুমারখালীতে মাটির গর্তে মিলল থানা থেকে লুট হওয়া পিস্তল-গুলি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারাদি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বারাদি গ্রামের মো. মোবারক আলীর (৭০) বাড়িতে অভিযান চালায় এসআরবির একটি দল। তল্লাশির একপর্যায়ে বাড়ির একটি দোচালা টিনের শয়নকক্ষের মাটির গর্তের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও পিস্তলের একটি কভার উদ্ধার করা হয়।

এসআরবি জানিয়েছে, উদ্ধার করা পিস্তলটি কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি। ২০২৪ সালের ৫ আগস্টের পর কুষ্টিয়া মডেল থানা থেকে অস্ত্র লুটের ঘটনা ঘটে বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসআরবি কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com