ঢাকা-আরিচা মহাসড়কে গোল্ডেন লাইন বাসের ধাক্কায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পিএম
মানিকগঞ্জ প্রতিনিধি :
ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় উল্টো পথে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা ও তাঁর কোলের ১০ মাস বয়সী মেয়ের মৃত্যু ঘটেছে ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে ।
নিহতরা হলেন সনিয়া (২৬) ও তাঁর ১০ মাস বয়সী মেয়ে জান্নাত । সনিয়া শিবালয় উপজেলার জাফরগঞ্জ পয়লা গ্রামের আরফান আলী শেখের মেয়ে । তিনি মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন । তাঁর স্বামী আবুল হোসেন টাঙ্গাইল জেলা কারাগারের কারারক্ষী ।
আবুল হোসেন বলেন, সাত দিনের ছুটিতে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন । স্ত্রীর মাস্টার্স ইনকোর্স পরীক্ষা শেষ হওয়ায় শনিবার সকালে তাঁরা মোটরসাইকেলে করে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন । টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে উল্টো পথে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাসটি তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয় ।
তিনি বলেন, বাসটি উল্টো পথে আসায় মোটরসাইকেল থেকে স্ত্রী ও তাঁর কোলে থাকা শিশুটি সড়কে পড়ে যান । এ সময় বাসের ধাক্কায় দুজন গুরুতর আহত হন । তাঁদের দ্রুত শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সনিয়াকে মৃত ঘোষণা করেন । পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি ।
আবুল হোসেন বলেন, “বাসটি উল্টো পথে না এলে আজ স্ত্রী ও মেয়েকে হারাতে হতো না। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই ।”
প্রত্যক্ষদর্শীরা জানান, টেপড়া বাসস্ট্যান্ডে আইল্যান্ডের উত্তর পাশ দিয়ে মোটরসাইকেলটি যাওয়ার সময় আইল্যান্ডের উল্টো দিক দিয়ে আসা গোল্ডেন লাইন বাসটি সেটিকে ধাক্কা দেয় । এতে মোটরসাইকেলে থাকা নারী ও শিশুটি সড়কে পড়ে গুরুতর আহত হন ।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাম্মি বলেন, সনিয়া হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিলেন । ১০ মাস বয়সী শিশুটি জীবিত ছিল । চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি ।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয় । দুর্ঘটনা কবলিত গোল্ডেন লাইন পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব ১২-২০০১) উথলী এলাকা থেকে আটক করে থানায় নেওয়া হয়েছে । তবে বাসটির চালক ও হেলপার পলাতক রয়েছেন । এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন ।
আরও পড়ুন
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশ: বৈশ্বিক আস্থার সংকটে ঢাকার কূটনৈতিক অগ্রাধিকার কী?
মাটিকাটা নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল গ্রামের ওসমান কসাই বাড়ির নৌকা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আল-হাসানাহ্ স্কুল অ্যান্ড কলেজ কতৃর্ক আয়োজিত বিজ্ঞান উৎসব ২০২৬ অনুষ্ঠিত