বাগেরহাটের মোংলায় ক্লোন সিমে বিকাশ-নগদ প্রতারণা গ্রেপ্তার ৯

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধিঃ 

দুই ব্যবসায়ীর ব্যবসায়িক সিম ব্যবহার করে ৩টি ক্লোন সিম উত্তোলন | ৮০ হাজার ৭৪০ টাকা, ১১ মোবাইল ফোন ও ২০ সিম উদ্ধার

মোংলার চিলা বাজার এলাকায় বিকাশ ও নগদের দুই ব্যবসায়ীর ব্যবসায়িক সিম ব্যবহার করে ক্লোন সিম তৈরি করে প্রতারণামূলক আর্থিক লেনদেনের অভিযোগে সংঘবদ্ধ একটি প্রতারকচক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৮০ হাজার ৭৪০ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের ১১টি মোবাইল ফোন ও ২০টি সিম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, চিলা বাজার এলাকার দুই বিকাশ ও নগদ ব্যবসায়ীর ব্যবসায়িক সিম ব্যবহার করে চক্রটি আধুনিক ডিজিটাল পদ্ধতিতে বিকাশ ও নগদের তিনটি ক্লোন সিম উত্তোলন করে। পরে এসব সিম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণামূলক আর্থিক লেনদেন করা হয়।

এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৮, ২২, ২৪ ও ২৭ ধারায় মোংলা থানায় মামলা করা হয়। মামলাটি ১ জুলাই ২০২৬ তারিখে রুজু করা হয়।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে দেশের বিভিন্ন এলাকায় জেলা পুলিশ ও এসআরবির মাধ্যমে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সঙ্গে জড়িত নয়জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট সিম পরীক্ষা করে প্রতারণামূলক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা আলামত এবং প্রযুক্তিগতভাবে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মামলার ঘটনায় তাঁদের প্রাথমিক সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধারে কার্যক্রম চলছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com