নওগাঁয় স্বর্ণের দুল ছিনতাই করে পালানোর সময় ৩ ছিনতাইকারী আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম
মোঃ রমজান হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ শহরে ছিনতাই করতে এসে স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন নারায়ণগঞ্জের তিন ছিনতাইকারী। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার জামাল (৩৫), ফরিদ (৩৩) ও রবি (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শাহানাজ আক্তার শিরিন চার্জার রিকশাযোগে নওগাঁ শহরের রজাকপুর থেকে স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন। পথে রুবীর মোড় এলাকায় পৌঁছালে ওই তিন ব্যক্তি তাকে চারদিক থেকে ঘিরে ধরেন। এ সময় চাকু দেখিয়ে হত্যার হুমকি দিয়ে তার কানে থাকা প্রায় ৫ আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নেন তারা।
ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। একই সময়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়।
পুলিশের হাতে গ্রেপ্তারের পর উত্তেজিত স্থানীয় জনতা তাদের কয়েকজনকে মারধর করে বলে জানা গেছে। পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে থানায় যায় এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় নিয়মিত ছিনতাই মামলা রুজু করা হয়েছে।