টাইমস হায়ার এডুকেশন র্যাংকিং: বিশেষায়িত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষে যবিপ্রবি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পিএম
যবিপ্রবি প্রতিনিধি: রাকিবুল হাসান
যুক্তরাজ্যভিত্তিক ঐতিহ্যবাহী শিক্ষা ও গবেষণা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (THE)-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে দেশের বিশেষায়িত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনন্য উচ্চতায় স্থান করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
বিশ্বজুড়ে হাজারো শিক্ষা প্রতিষ্ঠানের মান ও গবেষণা কর্মক্ষমতা পর্যালোচনা করে প্রকাশিত এ বৈশ্বিক তালিকায় ১০০১ থেকে ১২০০ ব্র্যাকেটে জায়গা করে নিয়ে বিশেষায়িত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
যবিপ্রবির এই অর্জনের পেছনে মূল ভূমিকা রেখেছে 'সাইটেশন ইমপ্যাক্ট' (Citation Impact)। বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর মানসম্মত উচ্চতর গবেষণাপত্র, আন্তর্জাতিক জার্নালে নিয়মিত প্রকাশনা এবং শিল্প-প্রতিষ্ঠানের সাথে গবেষণা কোলাবোরেশন ও ইনকাম (Industry Income) ক্যাটাগরিতে যবিপ্রবি উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শন করেছে।
একই সাথে, আন্তঃবিষয়ক বিজ্ঞান গবেষণায় উচ্চমান বজায় রাখার স্বীকৃতিস্বরূপ সংস্থাটির প্রকাশিত 'ইন্টারডিসিপ্লিনারি সাইন্স র্যাঙ্কিং'-এ বৈশ্বিক ৪০১ থেকে ৫০০ ব্র্যাকেটে স্থান করে নিয়ে দেশে যৌথভাবে ৪র্থ সেরা প্রতিষ্ঠানের অবস্থান সুদৃঢ় করেছে যবিপ্রবি।
বাংলাদেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের চিত্র (২৫টি র্যাংকপ্রাপ্ত ও ১০টি রিপোর্টার): এবারের বিশ্ব তালিকায় বাংলাদেশের মোট ৩৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে সরাসরি ডিরেক্ট র্যাংকিংয়ে অন্তর্ভুক্ত রয়েছে ২৫টি বিশ্ববিদ্যালয় এবং প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে 'রিপোর্টার' (Reporter) স্ট্যাটাসে জায়গা পেয়েছে ১০টি প্রতিষ্ঠান।
বিশ্বজুড়ে ৮০১–১০০০ ব্র্যাকেটে স্থান পেয়ে সামগ্রিক তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছে ৪টি সাধারণ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়—আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
পরবর্তী ১০০১–১২০০ ব্র্যাকেটে বিশেষায়িত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশসেরা স্থান অর্জনকারী যবিপ্রবির সাথে যৌথভাবে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (BSMRAU), আইইউবিএটি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১২০১–১৪০০ ব্র্যাকেটে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BSMMU), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU)। ১৪০১–১৬০০ ব্র্যাকেটে রয়েছে চুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, নোবিপ্রবি, রুয়েট, আইইউবি ও আইআইইউসি এবং ১৮০১–২০০০ ব্র্যাকেটে অবস্থান করছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও এমআইএসটি (MIST)।
এছাড়া এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ মোট ১০টি প্রতিষ্ঠান রয়েছে 'রিপোর্টার' (Reporter) ক্যাটাগরিতে।
এ বিষয়ে যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবির এ সাফল্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমেরই প্রতিফলন। ভবিষ্যতেও যবিপ্রবি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এ ধারাবাহিকতা বজায় রেখে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।