ঘিওরে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাসুদেব রাজবংশীকে পুলিশে সোপর্দ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৮ এএম

ঘিওর উপজেলার নালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রাজবংশী পাড়ায় জনগণের হাতে আটক অবস্থায় ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্তিকারী বাসুদেব রাজবংশীর ছবি ।

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের কেল্লাই গাংডুবি রাজবংশীপাড়ায় ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি এবং ফেসবুকে ব্যঙ্গাত্মক ও অশালীন ছবি প্রকাশের অভিযোগে বাসুদেব রাজবংশী (২৫) নামের এক যুবককে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর বাসুদেব নামের ঐ যুবক তার ব্যক্তিগত ফেসবুক পেজে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ করেন বলে অভিযোগ ওঠে । পরে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় মুসল্লি ও বাসিন্দাদের নজরে আসে ।

এ নিয়ে এলাকায় আলোচনা ও অসন্তোষের মধ্যে ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে স্থানীয় কয়েকজন বাসুদেবকে আটক করে ঘিওর থানা পুলিশকে বিষয়টি জানানো হয় ।

খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে যায় । পরে স্থানীয়দের কাছ থেকে বাসুদেবকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় ।

পুলিশ জানায়, ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য স্থানীয়দের আইন নিজের হাতে না তুলে নিয়ে আইনগত প্রক্রিয়ায় অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে ।

ঘিওর থানার ওসি মুহাম্মদ মোহাম্মদ মহব্বত কবীর বলেন, ‘এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে । ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে । আসামীকে কোর্টে প্রেরণ করার প্রস্তুতি চলছে ।’

এদিকে স্থানীয় মুসল্লি ও বাসিন্দারা অভিযোগটির সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন । তবে বাসুদেবের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং ফেসবুকে প্রকাশিত পোস্টের প্রকৃত বিষয়বস্তু ও প্রেক্ষাপট আইন আদালতের বিচার্য বিষয় বলে জানিয়েছে পুলিশ ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com