ছাগলে জমির করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে মারামারি: ছুরিকাঘাতে কৃষক নিহত, আহত ৪

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাট উপজেলায় ছাগলে জমির করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল কাশেম (৪২) নামে এক কৃষক নিহত হয়েছে। 

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত. রাজ মাহমুদ মন্ডলের ছেলে।

এ ঘটনায় নিহতের বড় ভাই মুক্তার আলী ও ভাইয়ের স্ত্রী রেখা বেগম, বড় ভাই বদিউল ইসলাম এবং ছোট ভাই ইমরান আলী গুরুতর জখম হয় জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ও প্রতিবেশীর সূত্রে জানা যায়, আজ শুক্রবার বিকালে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোঃ রনির (৩৫) জমির করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে আবুল কাশেমের পরিবারের সঙ্গে কথা-কাটাকাটি তৈরি হয়। পরে সেই কথা-কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে রুপ নেয়। মারামারির এক পর্যায়ে রনি ধারালো চাকু দিয়ে আবুল কাশেমকে আঘাত করেন। ঘটনাস্থলেই আঘাত প্রাপ্ত হয়ে আবুল কাশেম নিহত হয়। উভয়ের মধ্যে পূর্বে থেকে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিন্টু রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রতিবেনটি লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com