রাইট নাউ ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশ রক্ষায় ২০০ তালবীজ রোপণ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
গ্রামবাংলার ঐতিহ্যবাহী তালগাছ শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বজ্রপাতের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন নানা উপকারিতা বিবেচনায় জয়পুরহাটের কালাইয়ে ২০০টি তালবীজ রোপণ করা হয়েছে।
রাইট নাউ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার উপজেলার উদয়পুর ইউনিয়নের জমিনপুর গ্রামসংলগ্ন নুনুজ-ত্রিখোলা সড়কের পাশে এসব তালবীজ রোপণ করা হয়। কর্মসূচিতে বিভিন্ন বয়সী ও নানা শ্রেণি-পেশার স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
আয়োজকরা বলেন, তালগাছ দীর্ঘদিন বেঁচে থাকে এবং গ্রামীণ পরিবেশে পাখিসহ বিভিন্ন প্রাণীর আশ্রয়স্থল হিসেবে ভূমিকা রাখে। পাশাপাশি তাল থেকে খাদ্য, রস ও নানা ধরনের পণ্য পাওয়া যায়। সড়কের পাশে তালগাছ বেড়ে উঠলে একদিকে যেমন সবুজায়ন বাড়বে, অন্যদিকে ভবিষ্যতে পথচারী ও স্থানীয়দের জন্য প্রাকৃতিক ছায়ারও সৃষ্টি হবে।
তারা জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী তালগাছের সংখ্যা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোপণ করা তালবীজের পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হবে।
উল্লেখ্য, রাইট নাউ ফাউন্ডেশন ২০২০ সাল থেকে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।