আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে শুরু হবে ঐতিহ্যবাহী বেউথা নৌকাবাইচ

রৌমারী'র খেল্লা নৌকা 'মায়ের দোয়া' মানিকগঞ্জের বেউথা ঘাটে এসে পৌঁছেছে

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

কুড়িগ্রামের রৌমারী থেকে ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদীপথ পেরিয়ে তিন দিনের যাত্রা শেষে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর বেউথা ঘাটে এসে পৌঁছেছে খেল্লা নৌকা ‘মায়ের দোয়া’। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হবে ঐতিহ্যবাহী বেউথা নৌকাবাইচ । এতে চার ক্যাটাগরিতে ২২টি নৌকার পাশাপাশি অংশ নেবে দুটি দীর্ঘ কলাগাছের ভেলা ।

‘মায়ের দোয়া’ নৌকার পরিচালক মজিবুর রহমান বলেন, গত ৩০ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাগুয়ারচর গ্রাম থেকে নৌকাটি মানিকগঞ্জের উদ্দেশে রওনা হয় । ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদীপথ পেরিয়ে তিন দিনে বেউথা ঘাটে পৌঁছায় নৌকাটি ।

মজিবুর রহমান জানান, ভারতের শাল কাঠ দিয়ে তৈরি নৌকাটি নির্মাণে প্রায় এক বছর সময় লেগেছে । এতে ব্যয় হয়েছে প্রায় ছয় লাখ টাকা । ‘মায়ের দোয়া’র এটি প্রথম নৌকাবাইচ । প্রতিযোগিতায় ভালো করার বিষয়ে তারা আশাবাদী ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামের রৌমারী, টাঙ্গাইলের নাগরপুর, পাবনার সাঁথিয়াসহ মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার নৌকা এবারের প্রতিযোগিতায় অংশ নেবে । এর মধ্যে খেল্লা/গয়ইটা ১০টি, ঘাসি/ছিপা ৫টি, ছান্দি ৪টি এবং পানসি নৌকা ৩টি। এর সঙ্গে ৭০ ও ৮০ হাত দীর্ঘ দুটি কলাগাছের ভেলাও প্রতিযোগিতায় থাকবে ।

নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য-সচিব মাসুদ পারভেজ বলেন, শনিবার সকাল ১০টায় ঘোষণা মঞ্চ থেকে অংশগ্রহণকারী নৌকার প্রতিনিধিদের হাতে টোকেন দেওয়া হবে। দুপুর ১২টায় ঘাসি ও খেল্লা নৌকার বাছাই পর্ব শুরু হবে । ছান্দি ও পানসি নৌকা সরাসরি মূল পর্বে প্রতিযোগিতায় অংশ নেবে ।

আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি নৌকার জন্য রয়েছে ৮ সিএফটি ফ্রিজ ও পিতলের কাপ। খেল্লা/গয়ইটা এবং ঘাসি/ছিপা বিভাগে প্রথম পুরস্কার ১০০ সিসি মোটরসাইকেল । দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে যথাক্রমে ১৬ ও ১১ সিএফটি ফ্রিজ । বাছাইপর্বেও থাকবে ফ্রিজ পুরস্কার ।

ছান্দি ও পানসি বিভাগে প্রথম পুরস্কার হিসেবে থাকবে দুটি ইলেকট্রিক বাইক । দ্বিতীয় পুরস্কার দুটি ১৬ সিএফটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার দুটি ১১ সিএফটি ফ্রিজ । এছাড়া ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় নৌকা ও ব্যক্তির জন্য টেলিভিশন, প্রেসার কুকার ও রাইস কুকারসহ বিভিন্ন পুরস্কার রাখা হয়েছে ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বেউথা ঘাটের নৌকাবাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, খাদ্যমন্ত্রী ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা । বিশেষ অতিথি হিসেবে থাকবেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর ।

নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আ তা ম জহীর আলম কান লোদীর সভাপতিত্বে এবং সদস্য-সচিব মাসুদ পারভেজের পরিচালনায় অনুষ্ঠানটি হবে । এতে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত থাকবেন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com