পোরশায় ট্যাপেন্টাডলসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মিজানুর রহমান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা মাদকের আনুমানিক বিক্রয়মূল্য ৫ হাজার ৪০০ টাকা।

শুক্রবার (২ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নের কালুকান্দর গ্রামের চৌরাস্তার মোড়ে মেরবুল ইসলামের মুদি দোকানের সামনে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় মাদক বিক্রির অভিযোগে মিজানুর রহমানকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিলাশৈল গ্রামের আব্দুস সালামের ছেলে। পরে তাঁর পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ৪ দশমিক ৮৬ গ্রাম। উদ্ধার করা ট্যাবলেটগুলো সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।

পোরশা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মিজানুর রহমানের বিরুদ্ধে আগেও একটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পোরশা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com